ভারতের গ্রেটার নয়ডায় আয়োজিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ফাইনালের আগের রাতে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতের এই ঘটনায় আয়োজকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জাতীয় স্তরের বক্সারদের মধ্যে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। নয়ডার বিভিন্ন হোটেল ও লজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করেছিল আয়োজকরা। শুক্রবার খেলা শেষে সন্ধ্যায় হোটেলে ফিরে বক্সাররা দেখেন, তাঁদের সব ব্যাগ ও ব্যক্তিগত মালপত্র রুম থেকে বের করে বারান্দায় বা বাইরে রাখা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাঁদের বুকিংয়ের সময় পার হয়ে গেছে।
একজন বক্সিং কোচ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিযোগিতা শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আমরা হোটেলে ফিরি। এসেই দেখি আমাদের দ্রুত রুম খালি করতে বলা হচ্ছে। জানানো হয়, শুক্রবার পর্যন্তই বুকিং ছিল। এরপর গভীর রাত পর্যন্ত আমাদের হাড়কাঁপানো শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে।”
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (বিএফআই) একজন কর্মকর্তা এই অব্যবস্থাপনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান, মূলত সূচি পরিবর্তনের কারণেই এই বিপত্তি। প্রথমে প্রতিযোগিতাটি ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী হোটেল বুকিং দেওয়া হয়েছিল। পরে প্রতিযোগিতার তারিখ পিছিয়ে ৪ থেকে ১০ জানুয়ারি করা হলেও হোটেলের বুকিং নতুন সূচি অনুযায়ী বাড়ানো হয়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, সমস্যার কথা শোনার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হোস্টেলে বা কাছাকাছি কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। খেলোয়াড়রা যাতে ঠিকমতো বিশ্রাম নিতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্টে খেলোয়াড়দের এমন অপদস্থ হওয়ার ঘটনায় ভারতের ক্রীড়ামহলে সমালোচনার ঝড় উঠেছে।

