বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ‘ধানের শীষ প্রতীকে জাল ভোটের মহোৎসব’ দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক টিম ‘বাংলাফ্যাক্ট’।
সংস্থাটির যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওতে কোনো জাল ভোটের ঘটনা নয়; বরং সেখানে ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার সিল দেওয়ার স্বাভাবিক দায়িত্ব পালনের দৃশ্য রয়েছে।
বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি বিকৃত ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
ফ্যাক্টচেক প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনি ইস্যুকে কেন্দ্র করে ভুল তথ্য ও অপপ্রচারের প্রবণতা বেড়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।
প্রতিষ্ঠানটি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যাচাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য শেয়ার না করতে এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিশ্চিত করার পরই তা গ্রহণ করতে।

