দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদরের রানীপুর রাজাপাড়া জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন কমিটির স়ভাপতির বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে।
আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাব নিমতলা আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রুবেল লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, “মসজিদ উন্নয়নের নামে ৫০ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সরকারি সকল নিয়ম অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে কাজ সম্পন্ন করেছি।” তিনি জানান, মন্ত্রণালয়, জেলা পরিষদ, টিআর বরাদ্দ, জেলা প্রশাসক, মুসল্লি ও গ্রামবাসীর অনুদান মিলিয়ে মোট অর্থ সংগ্রহ করে মসজিদের প্রথম তলার নির্মাণকাজ শেষ করা হয়েছে।
রুবেল আরও বলেন, “মসজিদের নির্মাণ সামগ্রী সংগ্রহে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দোকানে বেতনের চেক জামানত রেখে রড, সিমেন্ট ও ইট ক্রয় করেছি। পরে নিজ বেতন থেকে আংশিক পরিশোধও করেছি। বর্তমানে প্রায় ৯ লাখ ৬২ হাজার টাকা বকেয়া রয়েছে, যা নিয়ে আমাকে চাপের মুখে পড়তে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। “আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে,”—যোগ করেন তিনি।
রুবেল বলেন, “আমার ভাই সেনাবাহিনীতে কর্মরত, এই বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ তাকেও জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর টিনশেড অবকাঠামো ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে তিনতলা ভবনের প্রথম তলার কাজ সম্পন্ন হয়েছে এবং মসজিদ ও কবরস্থানের রাস্তা সংস্কার করা হয়েছে।
শেষে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রুবেল বলেন, “সকল আয়-ব্যয়ের হিসাব সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে তা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই। এ সময় তার ছোট ভাই আব্দুল্লাহ উপস্থিত ছিল।

