ক্রাইম রিপোর্টার :
রংপুর সদর উপজেলার ১নং পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরি কাম পিয়ন মোঃ আনোয়ার ইসলামের নেতৃত্বে পালিচড়া মিনি স্টেডিয়ামে প্রতিদিন প্রকাশ্যে মাদক সেবনের আড্ডা বসছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামটি মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ পুলিশ-এর সংশ্লিষ্ট ইউনিটের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, “আনোয়ারের খুঁটির জোর কোথায়? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না—এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন।” তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত আনোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী হওয়ায় তার মাধ্যমে স্কুলপড়ুয়া শিশুদের কাছেও মাদক পৌঁছে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এলাকাবাসীর দাবি, দ্রুত তাকে আইনের আওতায় আনা হলে পুরো মাদক সিন্ডিকেটের মূল হোতাদের মুখোশ উন্মোচিত হবে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সদ্যপুস্করিনী ইউনিয়নের ফাজিল খাঁ গ্রামের মোঃ মোজ্জামেল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন ও তার শাশুড়ি বড়ভিটা গ্রামের কাঞ্চন মালা এলাকায় একটি বৃহৎ মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, কাঞ্চন মালা অতীতে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও আনোয়ার এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

