আবু জাফর বিশ্বাস, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের মাটি ভরাটের জন্য টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি কাজ বরাদ্দ দেওয়া হয়। তবে কাজটি বাস্তবায়নের সময় অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পিআইও আওলাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

