সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু রায়হানের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী সচিব।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ (রবিবার) ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করার সময় ইউপি সদস্য আবু রায়হান ও তার সাথে থাকা কয়েকজন অতর্কিতভাবে সচিবের কক্ষে প্রবেশ করেন। সেখানে পূর্ব বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে আবু রায়হান সচিব মাসুদ রানার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সচিব মাসুদ রানা জানান, “আমি আমার দাপ্তরিক কাজ করছিলাম। হঠাৎ ইউপি সদস্য আবু রায়হান এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর হামলা চালান। তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।”
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু রায়হানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, পরিষদের অভ্যন্তরীণ বিভিন্ন কাজ ও বরাদ্দ নিয়ে সচিবের সাথে মেম্বারের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, পরিষদে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঘটনাটি খতিয়ে দেখে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সচিবের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

