ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারী ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ঈদের দিনেও তারা নিজ বাড়িতে উঠতে পারেননি।
ওই বিধবা নারী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নাকাটি করেন।
বুধবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার বিলাসী শপিং কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সুলতানা রাজিয়া নামে ভুক্তভোগী নারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার আপন ভাই মিজানুর রহমান, যিনি স্থানীয় বিএনপির সহ-সভাপতি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন।
তিনি অভিযোগ করেন, গত ১৪ মার্চ সন্ধ্যায় ভাড়াটে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ছেলে সাচ্চু (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের বসতঘরে তালা ঝুলিয়ে পরিবারটিকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া বলেন, “ঈদের দিনেও আমরা ঘরে উঠতে পারিনি। সন্তানদের নিয়ে পথে পথে থাকতে হচ্ছে। আমরা আমাদের বাবার ভিটায় শান্তিতে থাকতে চাই।”
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সুলতানা রাজিয়া বোয়ালমারী থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সহিংস ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহসভাপতি অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

