মোঃতাইজুল ইসলাম, শরনখোলা, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মোসাঃ আকলিমা আক্তার ঘটনার পরদিন সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গুরুতর আহত স্বামী লিটন শেখ (৪৬) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা মৃত সাইম শেখের ছেলে লিটন শেখের সঙ্গে তার স্ত্রী আকলিমা আক্তারের প্রায় ১৬-১৭ বছরের দাম্পত্য জীবন ছিল। তবে গত কয়েক বছর ধরে তাদের মধ্যে নিয়মিত পারিবারিক কলহ চলছিল।
গত ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে, লিটন শেখ গভীর ঘুমে থাকাকালে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, ঘটনার পরদিন সকালে অভিযুক্ত নারী নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

