মোঃ হারুন উর রশিদ, নীলফামারী (সৈয়দপুর) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত ঘরবাড়ির মধ্যেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন শরিফ।
রবিবার (রাত আনুমানিক সাড়ে ১২টা) এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন— সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামসহ মোট সাতটি পরিবার।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সাতটি পরিবারের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

