গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়, বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল-রাশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তার বহনকারী গাড়িতে সরাসরি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গাজা সরকারের মিডিয়া অফিস এই ঘটনাকে সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক হামলার অংশ হিসেবে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, প্যালেস্টিনীয় সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর আক্রমণ একটি পরিকল্পিত নীতির প্রতিফলন। এ ঘটনার নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

