উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তার জন্য সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানে জটিলতা ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের সময় শনিবার সকালে পুনরায় সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা ফলাফল সন্তোষজনক জানালেও আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

