ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের ঘনিষ্ঠ এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে অভিনেতা জাহের আলভী ঈদের একটি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় স্ত্রীর মৃত্যুর সংবাদে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। এই বিষয়ে জানতে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় মেসেঞ্জারে বলেন, “যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ করবেন না। আমি এই মুহূর্তে কথা বলার মতো কোনো অবস্থায় নেই।”
ইকরার চাচা বিপু খান জানান, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় আছেন। খবরটি শোনার পরপরই পরিবারের সকল সদস্যকে নিয়ে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন জাহের আলভী। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে তাঁদের ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ দিন গোপন রাখার পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে এসেছিল।
কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আলভীর দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর নিকটাত্মীয়রা।

