টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি।
বর্তমানে হাসান মাসুদকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা গোপনীয়তা বজায় রেখেছে।
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছু দিন সময় লাগতে পারে।
হাসান মাসুদ দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে পরিচিত মুখ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। একের পর এক হিট নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি দীর্ঘ সময় ক্যামেরার বাইরে থাকার পর তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।
কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার অসুস্থতা নিয়ে তার ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।

