সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকসন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়,র্যাব-৯ এর সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল রাত প্রায় ৭টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপাল বাউরী (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাড়াউড়া এলাকার বাসিন্দা এবং মৃত রামকান্ত বাউরীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে বাংলাদেশ প্যানাল কোড এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাটি ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানা পুলিশে দায়ের করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে শ্রীমঙ্গল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

