বরিশাল ব্যুরো:
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টারে ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎের অভিযোগে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেনের মাধ্যমে দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছে চারজন পুলিশ পরিদর্শক, সাবেক মেস ম্যানেজার, কনস্টেবল, অফিস সহকারী, গুদামদার ও বিক্রয় সহকারী।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করা হয়েছিল। এসব কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী উত্তোলনের মাধ্যমে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি দায়িত্বে থাকাকালীন জালিয়াতির মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

