রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের রায় আজ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন-এ সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে গত ৫ মার্চ মামলাটি রায়ের জন্য নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ২৭ জানুয়ারি মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়। একই বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের বেরোবি শাখার সাবেক সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের ঘটনা ঘটে।

