বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সুযোগ্য উত্তরসূরি অভিষেক বচ্চন এবার পর্দায় ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক আবহে। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে ভৌতিক ঘরানার কেন্দ্রীয় চরিত্রে। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমার প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকছেন। এটি কেবল গতানুগতিক কোনো ভৌতিক সিনেমা নয়, বরং এর পরতে পরতে থাকবে রহস্য ও রোমাঞ্চের সংমিশ্রণ। একটি বিশেষ সূত্র জানিয়েছে, নতুন এই হরর প্রজেক্টে এক বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন ও সমীকরণ ফুটিয়ে তোলা হবে। এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় একজন বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া অভিষেককে এবার দেখা যাবে বাণিজ্যিক ও রোমহর্ষক এক আবহে।
বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণ বা শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন থাকলেও ক্যারিয়ারের এক অন্যতম সুবর্ণ সময় পার করছেন অভিষেক বচ্চন। বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ তাকে দেখা যাবে দুর্ধর্ষ এক খল চরিত্রে, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এছাড়াও ‘বি হ্যাপি’র মতো সিনেমার সাফল্যের পর এই নতুন হরর প্রজেক্টে তাঁর অন্তর্ভুক্তি তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন ছাপিয়ে অভিষেক বর্তমানে ‘কিং’ এবং এই নতুন হরর প্রজেক্টের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। সিদ্ধার্থ আনন্দের মতো মেকার যখন হরর ঘরানায় হাত দেন, তখন দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী হওয়াই স্বাভাবিক।

