বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুইটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সরকারি সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক আমলা এ বি এম আব্দুস সাত্তার এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ শিবলী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
দলীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা আজ থেকেই তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।

