ভারত–বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবার আইপিএল ক্রিকেটেও প্রভাব ফেলেছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
গত মাসের আইপিএল নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছিল, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানায়। এর প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।
আকাশ চোপড়া বলেন, “ভারত–বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছেন। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে তুলনা করলে দেখা যায়, রাজনৈতিক বৈরিতার কারণে তাদেরও আইপিএলে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে যা ঘটছে, তা বিবেচনায় রেখে বিসিসিআইকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এটি কলকাতা নাইট রাইডার্সের জন্য চ্যালেঞ্জিং হলেও চলমান পরিস্থিতির বাস্তবতা প্রতিফলিত করে। মুস্তাফিজের ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও তিনি ‘পার্শ্বক্ষতির’ শিকার হয়েছেন।”
চোপড়ার মতে, অনেক সময় খেলোয়াড়দের দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাবই তাদের পেছনে দাঁড়ায়—এটাই বাস্তবতা।

