প্রশাসনের একটি মহল গোপনে ‘মব’কে পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে এবং প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে। তবে দেশে আর মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকে সচেতন থাকতে হবে এবং কোনোভাবেই প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না।
গণতন্ত্র ও গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো দেশে গণতন্ত্র চলতে পারে না। আবার জবাবদিহিতা না থাকলে গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারে না। শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হবে না, একটি সুন্দর সমাজ গঠনের পরিকল্পনাও থাকতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। কোনো গোষ্ঠী যেন গণমাধ্যমকে কুক্ষিগত করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। নিজেকে গণমাধ্যমের অভিভাবক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীর হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন কোনো পেশা নয়। আমরা বাধ্য হয়ে আন্দোলন করেছি। এমন কোনো কাজ করা যাবে না যাতে আবার কেউ আন্দোলনের সুযোগ পায়।
নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, এ কারণে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে কার্ড বিতরণ শুরু হবে। দেশে বর্তমানে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া হলে নারীরা আরও ক্ষমতায়িত হবেন।
আলোচনা সভা শেষে মন্ত্রী বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, সময়ের সঙ্গে গণমাধ্যম পরিবর্তিত হচ্ছে। গণমাধ্যমকে আধুনিক করতে সাংবাদিকদের মতামত প্রয়োজন।
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চাঁন প্রমুখ।

