আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির ধারাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক, সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলা ভবন, প্রশাসনিক ভবন ও চাকসু ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল্লাহ আল নোমান বলেন, “আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। এটি শুধু একটি কর্মসূচি নয়; এটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক আলোকিত সোপান।
তিনি বলেন, শিক্ষার অধিকারকে কেন্দ্র করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্রসমাজকে জাগ্রত শক্তি হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ক্যাম্পাসে মতের ভিন্নতা থাকলেও বিবেক ও যুক্তির ঐক্য বজায় রেখে সুস্থ ও শুদ্ধ রাজনীতির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণার উৎস। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের নিজ নিজ অধিকার রক্ষায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা সত্য, সাহস ও বুদ্ধির পথে এগোব। আমাদের প্রতিটি পদক্ষেপ জাতিকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।

