সিলেট প্রতিনিধি:
জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সিলেট মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সভায় মহানগর এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।
পুলিশ কমিশনার বলেন, মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা এবং এ খাত সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী, মজুদদার বা চোরাচালানকারী যাতে অবৈধ সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
সভায় আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির প্রতিনিধি, সাংবাদিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

