বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে স্কুলের সংখ্যা বাড়ানো অপরিহার্য। তিনি বলেন, স্কুল শুধুমাত্র বড় বিল্ডিং নয়; শিক্ষার মান ধরে রাখার জন্য মানসম্মত শিক্ষক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনিবার (৩ জানুয়ারি) কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিত পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্কুল স্থাপনের আগে সঠিক জরিপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কোথায় নতুন স্কুল স্থাপন করা হবে। তিনি উদাহরণ দেন, কিছু স্কুলের অবকাঠামো সরল হলেও সেখানে মানসম্মত শিক্ষক থাকায় শিক্ষার মান উচ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরও অনেকে।
উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

