নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরলেও ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ভিন্ন চিত্রই সামনে আনছে। অরাজনৈতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি)–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সরাসরি কিংবা মিত্র বাহিনীর মাধ্যমে ৬২২টি বিমান ও সামরিক হামলা চালিয়েছে।
সবশেষ শুক্রবার রাত থেকে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা শুরু করেছে তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার ভূখণ্ডে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
যেসব দেশে চালানো হয়েছে মার্কিন হামলা
সিরিয়া
গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের কথিত ৭০টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে চালানো এই অভিযানে ট্রাম্প একে ‘ভয়াবহ প্রতিশোধ’ বলে আখ্যা দেন।
ইরান
গত ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদো—লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ইরাক
মার্চে ইরাকের আল-আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতা আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ট্রাম্প এই অভিযানে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রয়োগ দেখছেন বলে মন্তব্য করেন।
ইয়েমেন
২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে একাধিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। বন্দর, বিমানবন্দর ও সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নাইজেরিয়া
২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন একাধিক সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করলেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
সোমালিয়া
২০২৫ সালে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার হিসাব অনুযায়ী, অন্তত ১১১টি হামলা চালানো হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে বেসামরিক নাগরিক, এমনকি শিশু নিহত হওয়ার ঘটনাও উঠে এসেছে।
ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চল
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নৌযান মাদক পাচারে জড়িত। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এসব অভিযানে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ চালানোর অভিযোগ তুলেছে।
মুসলিমপ্রধান দেশগুলোই বেশি লক্ষ্যবস্তু
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে যেসব সাতটি দেশে ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান চালিয়েছে, তার মধ্যে ছয়টি দেশই মুসলিমপ্রধান। কেবল ভেনেজুয়েলা মুসলিমপ্রধান নয়। তেলসমৃদ্ধ এই দেশেও সম্প্রতি সরাসরি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক
নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিদেশি যুদ্ধ থেকে বের করে আনার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে একের পর এক দেশে সামরিক অভিযানের মাধ্যমে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই সামরিক সক্রিয়তা ২০২৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে আরও নতুন সংকট ও অস্থিরতা ডেকে আনতে পারে।
