কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে এর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন অফিস।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে ত্রুটি, আয়–ব্যয়ের হিসাব সংক্রান্ত ঘাটতি এবং ভোটারের স্বাক্ষরে গড়মিলের কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ নজরুল ইসলাম (মনোনয়ন ফর্ম পূরণে গড়মিল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া (আয়–ব্যয়ের হিসাব উল্লেখ না করা), জাতীয় পার্টির মোহাম্মদ আয়ূব হোসেন (আয়–ব্যয়ের হিসাব উল্লেখ না করা) এবং স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয় (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল)।
যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন ৮ জন। তারা হলেন— কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম, ইনসানিয়াত বিশ্ব বাংলাদেশের নাসিরুল হাসান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ রুবেল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুছা খান, খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, জনতার দলের নুরুল কাদের সোহেল এবং গণফোরামের শাফি উদ্দিন আহমদ।

