একবিংশ শতাব্দীর সেরা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে কানাডার প্রভাবশালী দৈনিক লে জার্নাল দ্য কেবেক। সেই তালিকায় সবার ওপরে স্থান পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
দুই দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক সাফল্য, অসংখ্য শিরোপা ও রেকর্ড গড়ে মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। ২০০১ সালে বার্সেলোনায় যোগ দেওয়া এক কিশোর থেকে তিনি আজ বৈশ্বিক ক্রীড়াজগতের প্রতীকে পরিণত হয়েছেন।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে মেজর লিগ সকারে দলকে প্রথম শিরোপা এনে দেন মেসি। সেই সঙ্গে অর্জন করেন গোল্ডেন বুট ও ধারাবাহিক এমভিপি পুরস্কার।
ক্যারিয়ারে আটটি ব্যালন ডি’অর, ৪৪টি বড় ট্রফি, আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা এবং অসংখ্য ব্যক্তিগত রেকর্ডের সুবাদে মেসি একবিংশ শতাব্দীর সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এনএফএলের কিংবদন্তি টম ব্র্যাডি, যিনি সাতবার চ্যাম্পিয়ন হয়ে মার্কিন ক্রীড়াঙ্গনে অনন্য অবস্থান তৈরি করেছেন। তৃতীয় স্থানে আছেন সর্বকালের সর্বাধিক অলিম্পিক পদকজয়ী সাঁতারু মাইকেল ফেলপস, যার সংগ্রহে রয়েছে ২৮টি অলিম্পিক পদক।
চতুর্থ স্থানে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং পঞ্চম স্থানে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ষষ্ঠ স্থানে এনবিএ সুপারস্টার লেব্রন জেমস, সপ্তমে নোভাক জোকোভিচ এবং অষ্টমে জিমন্যাস্টিকস কিংবদন্তি সিমোন বাইলস।
নবম স্থানে প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট এবং দশম স্থানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো স্থান পেয়েছেন।
২৫ জন ক্রীড়াবিদকে নিয়ে তৈরি এই তালিকাটি মূলত গত দুই দশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে তাদের প্রভাব, অর্জন ও অনুপ্রেরণার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।

