সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা সম্পর্কে বন্ধু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে দৃশ্যমানতা ছিল খুবই কম, ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কুয়াশার পাশাপাশি দুর্ঘটনার সময় উভয় যানবাহনের গতি তুলনামূলক বেশি থাকাও দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানের চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

