বলিউড ও দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে পড়ে পড়েন তিনি। পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও অতিরিক্ত ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরা সামান্থাকে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় চারদিক থেকে ঘিরে ধরেন ভক্ত ও আলোকচিত্রীদের একটি বড় দল। নিরাপত্তারক্ষীরা তাকে বেষ্টনী তৈরি করে রাখলেও ভিড়ের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। ছবি তোলা ও কাছ থেকে দেখার আগ্রহে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে বেশ বেগ পেতে হয় অভিনেত্রীকে।

এই পরিস্থিতির মধ্যেও সামান্থা ছিলেন শান্ত ও সংযত। ধীরে এগোতে এগোতে তিনি ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। পরে নিরাপত্তাকর্মীরা আলাদা করে পথ পরিষ্কার করে তাকে গাড়িতে তুলে দেন।
এর আগে কিছুদিন আগে বলিউড অভিনেত্রী ও মডেল নিধি আগারওয়ালও একটি গানের অনুষ্ঠানে একই ধরনের হেনস্তার শিকার হন। ভেন্যু থেকে বের হওয়ার সময় ভক্তদের ভিড়ে পড়ে তার কাপড় ধরে টানাটানির ঘটনাও ঘটে, যা বিনোদন অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু সম্প্রতি ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। চলতি মাসের ১ ডিসেম্বর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
ক্যারিয়ারের দিক থেকে সামান্থাকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ। ছয় পর্বের এই সিরিজে তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সিরিজটি পরিচালনা করেছেন রাহি অনিল বারভে, যা মারাঠি ছোটগল্প ‘বিদূষক’ অবলম্বনে নির্মিত। এ ছাড়া তিনি নন্দিনী রেড্ডির পরিচালনায় তেলেগু সিনেমা ‘মা ইন্টি বঙ্গারাম’-এর কাজেও ব্যস্ত রয়েছেন।


