সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তসংলগ্ন পথ ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে,এ লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার (১৩ ডিসেম্বর) জানান, ঘটনার পর থেকেই ব্যাটালিয়নের অধীনস্থ সব বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়নপথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
চেকপোস্টগুলোতে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ৪৬ বিজিবি মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে।
লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

