ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি উপর হামলার ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি যদি অভিযুক্তের বিষয়ে তথ্য রাখেন, তিনি তা পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় হাদি গুরুতর আহত হন। হামলাকারীদের ধরতে রাজধানীজুড়ে তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।
যদি কেউ ওই ব্যক্তির অবস্থান বা অন্য কোনো প্রমাণ জানেন, তিনি সরাসরি ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পারেন।

