বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। ক্রিকেটারদের নায়ক বলা হলেও নিজের দৃষ্টিতে দেশের প্রকৃত নায়ক হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদেরই স্বীকৃতি দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে তানজিম জানান, নয় মাসের যুদ্ধের ইতিহাস তাকে গর্বিত করে। তিনি লিখেন, প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও দেশপ্রেমের টানে যারা জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন—তাঁদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা।
তিনি আরও লেখেন, “যারা আমাদের ভয়কে জয় করে সাহসী জাতি বানিয়েছেন, যাদের ত্যাগের কারণেই আজ আন্তর্জাতিক ক্রিকেট আসরে দেশের পতাকা হাতে দাঁড়াতে পারছি—তাঁরাই প্রকৃত হিরো, প্রকৃত তারকা।”
বাংলাদেশ দলের নিয়মিত সদস্য তানজিম সীমিত ওভার ক্রিকেটেই বেশি পরিচিত মুখ। আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও তিনি দুই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। সবমিলিয়ে টি–টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৪০ ম্যাচে ৪৭টি। ওয়ানডেতে ২৪ উইকেট রয়েছে ১৫ ম্যাচে। টেস্ট খেলেছেন একটি।

