তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
“সংস্কৃতি টিকে থাকবে—বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে”
বিজয়ী শিশু-কিশোরদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন,
“ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নতুন কুঁড়ির শিশুদের সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে হবে। তাদের সাফল্যের পেছনে রয়েছে অভিভাবক ও শিক্ষকদের বিশাল অবদান।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতির যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই স্বপ্ন পূরণের যাত্রায় নতুন কুঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০ বছর পর ‘নতুন কুঁড়ি’ পুনরায় চালুর পটভূমি উল্লেখ করে তিনি জানান—জুলাই মাসে উদ্যোগ নেওয়ার পর মাত্র দেড় মাসেই প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান—
নতুন কুঁড়ির প্রতিটি শাখার সেরা ১০ জনকে সরাসরি বিটিভির শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
শুধুমাত্র নতুন কুঁড়ির সেরা ১০ নিয়ে ‘শিশুপ্রহর’ নামের অনুষ্ঠান শুক্রবার প্রচার হবে।
বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন—
“নতুন কুঁড়ির বিজয়ীরা ভবিষ্যতে শিল্প-সাহিত্য অঙ্গনে নেতৃত্ব দেবে।”
পুরস্কার কাঠামো
১ম স্থান: ২ লক্ষ টাকা
২য় স্থান: ১ লক্ষ টাকা
৩য় স্থান: ৫০ হাজার টাকা
এছাড়া ট্রফি ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, ‘ক’ বিভাগের চ্যাম্পিয়ন প্রিয়সী চক্রবর্তী এবং ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদার গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছ থেকে ৩ লক্ষ টাকার চেক ও ট্রফি গ্রহণ করেন।

