সত্যজিৎ দাস:
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।
পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্বীপকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান,তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান দ্বীপ। তিনি হবিগঞ্জের দিব্যজিত দাসের ছেলে। সিলেট নগরীর গোপালটিলা এলাকায় মা-বাবা ও ছোট ভাইকে রেখে পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন তিনি।
দ্বীপের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। জানা গেছে, মালয়েশিয়ায় একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন তিনি।
দিপংকর দাস দ্বীপ হাস্যরসাত্মক কনটেন্ট তৈরির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ফেসবুক ও ইউটিউবে তার বিপুল সংখ্যক ভক্ত-অনুসারী রয়েছে। অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।
তাঁর মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গন,অনলাইন কমিউনিটি এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

