জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ আটটি দলের যৌথ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য ২৬ তারিখে কোনো নির্বাচন নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি গড়ে তুলতে হবে।”
তিনি আরও জানান, জনগণের দাবির প্রতিফলন ঘটাতে আন্দোলন অব্যাহত থাকবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার বলেন, “সাংবিধানিক সংস্কারের আইনি ভিত্তি শুধু গণভোটের মাধ্যমেই সম্ভব। অন্যথায় জাতীয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”
সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “গণভোটের ধারা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই, তারা আসলে সেই সিদ্ধান্তকেই সমর্থন করছেন।”
সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

