সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক এবং রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্সিং অফিসার ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আধুনিক চিকিৎসা ব্যবস্থার মূলভিত্তি হলো সঠিক রোগ নির্ণয়,আর এর সূচনা হয়েছিল ১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেনের এক্স-রে আবিষ্কারের মাধ্যমে। তাঁর এই বৈপ্লবিক আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করে,যা অনুমাননির্ভর চিকিৎসা থেকে সুনির্দিষ্ট রোগ নির্ণয়ভিত্তিক চিকিৎসার পথে অগ্রসর হতে সহায়তা করে।
রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পী বলেন, “আধুনিক চিকিৎসার মূল মূল্যায়ন হয় সঠিক রোগ নির্ণয়ের ওপর। এক্স-রে আবিষ্কারের মাধ্যমেই শুরু হয় সুচিকিৎসার যুগ,যা পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফি,সিটি স্ক্যান এবং এমআরআই প্রযুক্তির সংযোজনে আরও সমৃদ্ধ হয়।”
তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, “চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে রেডিওলজির ভূমিকা অপরিসীম। সঠিক রোগ নির্ণয় ছাড়া সুচিকিৎসা সম্ভব নয়,আর সেই ভিত্তি গড়ে দিয়েছে রেডিওলজি।”
অনুষ্ঠানে রেডিওলজি বিভাগের প্রযুক্তিগত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, যাতে তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রেডিওলজির গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারেন।
উল্লেখ্য,২০১২ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সাল থেকে রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবস উদযাপন শুরু হয়।

