ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদের জন্য ভোট দেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনি ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন। যদিও সেই নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগের কারণে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবার ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের প্রত্যাশা ছিল শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।

