সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
প্রভাতের নীরবতা ভেঙে মৌলভীবাজারে ছুটল দুই শতাধিক দৌড়বিদ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে শুরু হয় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের সামার রান। কালেঙ্গা ঘুরে নির্ধারিত গন্তব্যে গিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।
পাওয়ার পালস এরিনা এবং মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ দৌড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আসেন অংশগ্রহণকারীরা। শুক্রবার (২৯ আগস্ট) সকালে এ প্রতিযোগিতায় অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ।
আয়োজকরা জানান,সমাজকে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দৌড়ের রুটে প্রতি ২ কিলোমিটার পরপর রাখা হয় হাইড্রেশন পয়েন্ট,আর মাঝপথে ৩.৭৫ কিলোমিটারে ছিল ইউ-টার্ন চিহ্নিত স্থান। ফিনিশিং লাইনে প্রতিটি অংশগ্রহণকারীকে স্বাগত জানানো হয় পানি ও তোয়ালে দিয়ে।
সকাল ৮টায় সুসজ্জিত মঞ্চে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে জেলার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে প্রচার কম হওয়ায় সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি। উক্ত প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে মোট ছয় জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

