মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
নিহত হোছনা বেগম রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী রুহুল আমিন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে,মোটরসাইকেলে চলার সময় হোছনা বেগমের ওড়না পেছনের চাকায় আটকে গেলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে প্রাথমিক শিক্ষা বিভাগসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান,“পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।”

