ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে খাবারের খোঁজে লোকালয়ে আসা একটি মেছো বিড়াল আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হয়। বিরল এ বন্যপ্রাণীটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক এলাকাবাসীর ভিড় জমে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১নং চর হরিরামপুর ইউনিয়নের চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকা থেকে মেছো বিড়ালটি আটক করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী সংলগ্ন চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকায় খাবারের সন্ধানে মেছো বিড়ালটি লোকালয়ে চলে আসে। স্থানীয়রা প্রাণীটিকে দেখতে পেয়ে আটক করে। পরে সেটির গলায় রশি বেঁধে রাখা হলে খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রাণীটিকে দেখতে সেখানে ভিড় করেন।
স্থানীয়দের ধারণা, পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চল ও জলাভূমিতে বসবাসকারী প্রাণীটি খাবারের সন্ধানেই লোকালয়ে এসেছে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংরক্ষিত প্রাণীকে আটক করে রাখা বা নির্যাতন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন, “ঘটনার খবর পেয়ে স্থানীয়দের প্রাণীটির কোনো ক্ষতি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা সম্ভব হবে।”
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “মেছো বিড়াল বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এটিকে আটক করে রাখা আইনসম্মত নয়। বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মেছো বিড়াল (Fishing Cat) বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এটি সাধারণত নদী, খাল-বিল ও জলাভূমি এলাকায় বসবাস করে এবং মাছ, কাঁকড়া ও অন্যান্য ছোট প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।

