দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে এ-সংক্রান্ত বাছাই কমিটি। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে পারবেন। তবে যারা ইতোমধ্যে প্রয়োজনীয় নথিসহ আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
দুদক আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ করার লক্ষ্যে এই আবেদন আহ্বান করেছে।
আবেদনকারীদের দুদক আইনের ধারা ৮(১) অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ধারা ৮(২)-এ উল্লেখিত অযোগ্যতার আওতাভুক্ত কেউ এই পদগুলোর জন্য বিবেচিত হবেন না।
জীবনবৃত্তান্তে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, চাকরির বিবরণ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।
এর সঙ্গে সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় সনদের কপিও সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টভাবে ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ লিখতে হবে।
আবেদনপত্র বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় পত্রগ্রহণ কেন্দ্র (গেট-৫) অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় নির্ধারিত কক্ষে জমা দেওয়া যাবে।

