সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো একবারে নয়, ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচনায় রেখেই নতুন পে-স্কেল বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতুমীর জানান, নির্বাচনি ইশতাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
নতুন পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে—এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। তবে বলেন, পুরো প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে সরকারি কর্মচারীদের মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে। তবে কোন গ্রেডে কত বেতন বাড়বে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।
উপদেষ্টা বলেন, গেজেট চূড়ান্ত করার আগে সরকার বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করছে। রাজনৈতিক দিকনির্দেশনা ও আর্থিক সক্ষমতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, দীর্ঘ প্রায় ১১ বছর একই বেতন কাঠামো কার্যকর থাকার পর মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে।

