সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করার লক্ষ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সোমবার (২২ জুন) তিনি সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ,ওয়ার্ড ও সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও সিভিল সার্জন হাসপাতালের ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে অবগত হন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক),স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন স্থানে অবকাঠামোগত ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। এর মধ্যে কয়েকটি ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের প্লাস্টার খসে পড়া,দরজা-জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ড,জরুরি অপারেশন থিয়েটারসহ বিভিন্ন স্থানে ছাদ থেকে পানি চুইয়ে পড়ার সমস্যা উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের মতে,এসব সমস্যার কারণে রোগীসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।
বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি মেরামত,সংস্কার ও রংকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের মতে,জনস্বার্থে হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান জেলা প্রশাসকের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

