ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বাংলা সংসদ’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ফল উৎসব ও বর্ষযাপন’ অনুষ্ঠান। আজ সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের নিচতলায় বাংলা বিভাগে এই আয়োজন করা হয়। এতে প্রায় ৩২ ধরনের দেশি ফল রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, করমচা, সফেদা, লিচু, আনারস, কলা, পেয়ারা ইত্যাদি সহ প্রায় ৩২ ধরনের দেশি ফলের ব্যবস্থা করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসাথে তারা প্রতি বছর এমন আয়োজন প্রত্যাশা করেন।
দর্শনার্থীরা জানান, এরকম ফল উৎসব এটি প্রথম দেখলাম। আগে এত বড় আয়োজন দেখিনি। খাওয়ার চেয়ে উপভোগ করেছি বেশি। আমরা চাই—প্রতি বছর আয়োজন করন হোক।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, “এখানে আমরা প্রায় ৩২ প্রকার ফলের আয়োজন করেছি। স্বতঃস্ফুর্ততার মধ্য দিয়ে আমাদের এই ফল উৎসবটা উদযাপিত হয়েছে। আমার জানামতে বাংলা বিভাগে এটি প্রথম ফল উৎসব।বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নেই। আমার ২৪ বছর চাকরির মেয়াদে আমি কখনও দেখিনি এরকম ফল উৎসব হয়। ফল একই সাথে খাওয়া হয় এবং একই সাথে পুষ্টির চাহিদা মেটায়। বিভিন্ন রোগ প্রতিরোধক অনেক ফল রয়েছে এখানে, যা খেলে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আরো ভালো করে, আরো সুন্দর করে ফল উৎসব করব।”

