সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মোশারফ হোসেন মিয়া মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোশারফ হোসেন মিয়ার জানাজা রোববার (২১ জুন) আসরের নামাজের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সদস্য ও লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিপন পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনৈতিক জীবনে মোশারফ হোসেন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবককে, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তার মৃত্যুতে শোক জানিয়েছে।

