যুক্তরাজ্যে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চারজন নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে শুক্রবার (১৯ জুন) কেমব্রিজ থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহীন আলম। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ ইতোমধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে এনসিপি। দলের ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা দীর্ঘদিন ধরে এনসিপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এবার মিথ্যা অভিযোগে মামলা করে আইনশৃঙ্খলা বাহিনীর সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কার্যক্রম ও তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে স্থানীয় একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং প্রবাসীদের সঙ্গে তার সম্পৃক্ততা বাধাগ্রস্ত করতেই এই মামলা করা হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি এখন এনসিপির ইউকে অ্যালায়েন্স আইনগতভাবে মোকাবিলা করছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। আমাদের প্রবাসী সংগঠন বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবে।”

