সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর প্রায় ৩টার দিকে ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ সাপটি দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পরে শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কামাল মিয়াকে অবহিত করেন। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।
শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান,উদ্ধার হওয়া সাপটি শঙ্খিনী প্রজাতির,যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
পরে উদ্ধারকারী দলের সদস্যরা দক্ষতার সঙ্গে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটি উদ্ধার করেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
রাজদীপ দেব দীপ বলেন,শঙ্খিনী সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চললেও এটি অত্যন্ত বিষধর। তাই এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

