ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। একই সঙ্গে এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে ১৬তম বারের মতো সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান।
মামলার নথি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদি। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
প্রাথমিক তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে বাদীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি।

