শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
এ সময় তারা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে খেলাধুলার পরিবেশ নষ্ট করা, খেলোয়াড়দের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা এবং সরকারি বরাদ্দ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি তুলে তারা।
মানববন্ধনে খেলোয়াড়দের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক কোর্স খন্দকার আরিফ হাসান প্রিন্স।এ সময় বক্তব্য রাখেন খেলোয়াড় উম্মে ফাতেমা উর্মি, সোহেলী আক্তার শামীমা, সালমা খাতুন, নদী বিশ্বাস ও মেহেদী রাজু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিসার খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, জার্সি ও অন্যান্য সুবিধা প্রদানে অনীহা দেখিয়ে আসছেন। খেলোয়াড়দের জন্য বরাদ্দ সরকারি অনুদান প্রকৃত খেলোয়াড়দের না দিয়ে অফিসের কর্মচারী কিংবা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামে বিতরণ করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
নারী খেলোয়াড়রা বলেন, জেলা ক্রীড়া অফিসারের অসহযোগিতার কারণে তারা খেলাধুলায় উৎসাহ হারিয়ে ফেলছেন। অনেকেই দরিদ্র পরিবার থেকে উঠে এসে বাসা ভাড়া নিয়ে নিয়মিত অনুশীলন করলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কঠোর পরিশ্রম করে জেলা ও দেশের জন্য সাফল্য বয়ে আনছি। কিন্তু আমাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। খেলাধুলার উন্নয়নের স্বার্থে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জেলা ক্রীড়া অফিসারের অপসারণ এবং একজন দক্ষ, সৎ ও খেলোয়াড়বান্ধব কর্মকর্তা নিয়োগের দাবি জানাচ্ছি।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে অপসারণের দাবি জানানো হয়।

