লালমনিরহাট প্রতিনিধি:
আজ সকালে পুলিশ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের এক ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে ।
জানা গেছে , গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় নন্দিনী। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আজ সকালে ফলিমারী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।
আদিতমারী থানার ওসি মোঃ নাজমুল হক জানান পুলিশ ঘটনাস্থল আছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে।

