সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দলীয় অবস্থান বা সরকারের অন্ধ তোষামোদ নয়, জনগণের সামনে সবসময় সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। সেই সাথে দেশের ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনার লক্ষ্যে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
উচ্চপর্যায়ের এই বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান নানামুখী সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের সামগ্রিক স্বাধীনতা রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রেস সচিব আরও জানান, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে একটি ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট সকল অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অংশীজনরা মিলে একটি যুগোপযোগী ও কার্যকর নীতি কাঠামো (পলিসি ফ্রেমওয়ার্ক) তৈরি করতে পারলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক প্রসঙ্গে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের পেশাগত চ্যালেঞ্জ ও সংকটের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। একই সাথে গণমাধ্যম শিল্পের উন্নয়ন, সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পলিসি সাপোর্ট ও সহযোগিতার দাবি জানানো হয়েছে।

